নারী বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো স্বপ্ন ছুঁইতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েদের ২৯৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রোববার (২ নভেম্বর) ঘরের মাঠ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরুটাও দারুণ পায় ভারত।
উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত ৪৫ রানে বাঁহাতি ব্যাটার মান্ধানা আউট হলে তাদের জুটি যায় ভেঙে। মান্ধানা ফিফটি না পেলেও পেয়েছেন শেফালি। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় ওপেনার।ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা যে পাওয়া হয়নি তার। ৭ চার ও ২ ছক্কায় সাজানো ৮৭ রানের ইনিংসটি অবশ্য তার ক্যারিয়ারসেরা। শেফালির মতো পরে ফিফটি তুলে নিয়েছেন দিপ্তি শর্মাও। শেষ বলে রানআউট হওয়ার আগে খেলেছেন ৫৮ রানের ইনিংস।
তার এই ইনিংসেই তিন শ ছুঁই ছুঁই স্কোর পায় ভারত। মাঝে অবশ্য অবদান রেখেছেন জেমিমাহ রদ্রিগেজ (২৪), হারমানপ্রীত কৌর (২০) ও রিচা ঘোষরাও (৩৪)। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়াবোঙ্গা খাকা। আজ যে দলই জিতবে তারাই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতবে। ভারতের তৃতীয়বারের বিপরীতে আইসিসির টুর্নামেন্টটির ফাইনালে প্রথমবার উঠেছে প্রোটিয়া মেয়েরা।